রাজধানীর কদমতলী থানাধীন পোস্তগোলার শ্যামপুরে দলের একটি কার্যালয় দখল করাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন।

সোমবার দুপুরে প্রথমে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা আওলাদ হোসেনের নেতৃত্বে কয়েকজন গিয়ে হামলা চালায়। এতে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সানজীদা খানমের কয়েকজন কর্মী আহত হয়েছে।

কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াজেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই গ্রুপ মুখোমুখি অবস্থানে ছিল। দুপুর ১টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় আওয়ামী লীগ সূত্র জানান, রোববার কদমতলী থানা আওয়ামী লীগের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে বহিষ্কৃত আওলাদ গ্রুপ সমর্থিত নাসিম সভাপতি ও মোবারক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপরেই আওলাদের নির্দেশে নাসিম ও মোবারক, যুবলীগ নেতা আলমগীরসহ ৫০-৬০ জনের একটি গ্রুপ ‘ঢাকা ম্যাচ-২’ নং ইউনিট কার্যালয় দখল করতে যায়।

সেখানে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সানজীদা খানমের পক্ষের ফজলুল হক ফজুসহ অন্যরা বাধা দিলে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ফজলুল হক ফজু, ফারুক, মুক্তার ও মেজবাউল আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এমআইএস।