ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র কিনলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শিল্পপতি আবদুল আউয়াল মিন্টু।
এদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগরীর প্রাক্তন সদস্যসচিব আবদুস সালাম।
বুধবার বিকেল ৪টার দিকে মিন্টুর পক্ষে মনোনয়নপত্র কেনেন তার ছেলে তাফসিল এম আউয়াল। ঢাকা উত্তর সিটি করপোরেশনের সহকারী রিটার্নিং কর্মকর্তা নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে তাফসিল আউয়াল জানান, বিএনপির দলীয় সিদ্ধান্তের ভিত্তিতেই তিনি বাবার পক্ষে মনোনয়নপত্র কিনেছেন। আগামী রোববার তার বাবা আবদুল আউয়াল মিন্টু সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানাবেন।
বিকেল ৩টা ১২ মিনিটে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয় থেকে সালামের পক্ষে নুরুল ইসলাম নামের এক ব্যক্তি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
বিএনপির নেতা আবদুস সালামের মনোনয়নপত্র কেনার কথা তার স্ত্রী ফাতেমা সালাম স্বীকার করেছেন।
বিএনপির নেতা সালাম ছাড়াও বিএনপি-সমর্থিত শিক্ষক নেতা সেলিম ভুইয়া ও ইসলামী আন্দোলনের নেতা আবদুর রহমান দক্ষিণ সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়রপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন।
জেআই





