ছাত্রলীগের বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আব্দুল লতিফ হলের আবাসিক শিক্ষার্থীদের কাছ থেকে ইফতারের নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

বাধ্যতামূলকভাবে এ চাঁদা আদায় করা হচ্ছে বলে জানা গেছে। মঙ্গলবার ওই ইফতার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, হল শাখা ছাত্রলীগকর্মী মিজানুর রহমানের অনুসারীরা গত রোববার রাতে হলের বিভিন্ন কক্ষে গিয়ে শিক্ষার্থীদের কাছে ইফতারের জন্য ৫০টাকা করে চাঁদা চান।

শিক্ষার্থীদের অনেকেই ওই অনুষ্ঠানে অংশগ্রহণে অপারগতার কথা জানালে ছাত্রলীগ কর্মীরা চাঁদা বাধ্যতামূলক বলে টাকা দিতে চাপ দেন।

এতে ভীতসন্ত্রস্ত শিক্ষার্থীরা চাঁদা দিতে বাধ্য হন বলে একাধিক শিক্ষার্থী অভিযোগ করেছেন। হলে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে যারা চাঁদা দেননি তাদের নাম ও কক্ষ নম্বর লিখেও নিয়ে যাওয়া হয় বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগকর্মী মিজানুর রহমান বলেন, ‘চাঁদার জন্য কাউকে বাধ্য করা হয়নি। স্বতস্ফূর্তভাবে যারা অংশ নিতে চান শুধু তাদেরই টাকা নেয়া হয়েছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন বলেন, ‘এ ধরনের ঘটনার কথা আমার জানা নেই। খোঁজ-খবর নিয়ে দেখছি।’

 

জানতে চাইলে হল প্রাধ্যক্ষ অধ্যাপক বিশ্বনাথ শিকদার বলেন, ‘পরীক্ষার কাজে রাজশাহীর বাইরে আছি। ফিরে এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকা, ৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর