জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু বলেছেন, বর্তমান সরকারের সঙ্গে আমরা কৌশলগত কারণে আছি। এই সরকারের খুন, গুম, অপহরণ, দুর্নীতি, দুঃশাসনের কোনো দায় দায়িত্ব আমরা নেব না।

শনিবার সকাল ১১টায় এরশাদের বনানীর রাজনৈতিক কার্যালয়ে জাতীয় পার্টির ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শুনতে পাচ্ছি সরকার গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করবে। যদি মূল্য বৃদ্ধি করা হয় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

তিনি বলেন, আমরা মূলত কৌশলগত কারণে তাদের সঙ্গে আছি। তবে সরকার যদি জনগণের বিরুদ্ধে কোনো কিছু করে তাহলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারের অপশাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব।

জিয়া উদ্দিন বলেন, ২০১৩ সালে গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছিল। বিএনপি-জামায়াত দেশব্যাপী সন্ত্রাস, নাশকতা, অগ্নিসংযোগ, মানুষ হত্যা করছিল। এসব গণতন্ত্র বিরোধী কাজকে রুখে দেয়ার জন্য, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সরকারের সঙ্গে আমরা নির্বাচনে অংশ নিয়েছিলাম।

জেএ/জেআই