৫ জানুয়ারি দশম সংদস নির্বাচনের ২য় বর্ষপূর্তিতে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যায়িত করে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি আয়োজিত জনসভা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় আনুষ্ঠানিকভাবে এই জনসভা শুরু হয়।

সভায় সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সভা পরিচালনা করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য শামছুজ্জামান খান দুদু। সভামঞ্চে উপস্থিত আছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

জনসভা আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় শুরু হলেও সকাল থেকেই কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। সকাল থেকেই সভাস্থলে  ছাত্রদল-যুবদলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা  জড়ো হয়ে বিভিন্ন ম্লোগান দিচ্ছেন।

জনসভা উপলক্ষে ফকিরাপুল মোড় থেকে নাইটিংগেল মোড় পর্যন্ত একপাশের রাস্তায় সকাল থেকেই যানচলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়াও জনসভার আশেপাশে বিপুল সংখ্যক অাইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন করা হয়েছে।

এমএইচ