১৮ দলীয় জোটকে এখন থেকে ১৯ দলীয় জোট বলার ঘোষণা দিলেন বেগম খালেদা জিয়া। শনিবার রাতে দলের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বেগম জিয়া এ ঘোষণা দেন।
এর আগে জাতীয় পর্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ ১৮ দলীয় জোটে যোগ দেন। আর কাজী জাফরের ১৮ দলে যোগ দেয়ার ফলেই ১৮ দলীয় জোট ১৯ দলীয় জোটে পরিণত হলো বলেও সংবাদ সম্মেলনে জানান বেগম জিয়া।
এর আগে বেগম খালেদা জিয়াকে ফুলের তোড়া উপহার দিয়ে আনুষ্ঠানিকভাবে ১৮ দলে যোগ দেন কাজী জাফর আহমেদ।
সংবাদ সম্মেলনে খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ হচ্ছে লুটপাটের দল। এরা গণতন্ত্র, মানবাধিকারে বিশ্বাস করেনা। অর্থবিত্তের প্রতি তাদের একমাত্র লোভ। সেটা আমরা বিগত দশম জাতীয় নির্বাচনের হলফনামায় দেখেছি। এটি এমন একটি দল, কয়লা ধুলে যেমন ময়লা যায়না। আওয়ামী লীগের অবস্থাও তাই।
তিনি বলেন, আওয়ামী নেতারা হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে উপার্জন করেছে। আমরা ৭১ থেকে ৭৫ পর্যন্ত আওয়ামী দু:শাসন দেখেছি। দেশে দুর্ভিক্ষ থাকলেও আওয়ামী নেতারা ছিলেন অর্থনৈতিকভাবে অত্যন্ত সবল।
খালেদা জিয়া আরো বলেন, নিশ্চিত পরাজয় জেনে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে এরা একদলীয় নির্বাচন করেছে।
[b]ঢাকা, ২৫ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]