বরিশাল মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কামরুল হাসান শাহীনের মৃত্যুতে গভীর শোক ও দূঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

রবিবার এক শোকবার্তায় বিএনপি চেয়ারপার্সন বলেন, মরহুম এ্যাডভোকেট কামরুল হাসান শাহীন এর মৃত্যুতে বরিশাল মহানগরবাসীর ন্যায় আমিও গভীরভাবে শোকাহত ও মর্মাহত। জাতীয়তাবাদী রাজনীতি প্রচার ও প্রসারের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। মানুষের গণতান্ত্রিক অধিকারের আন্দোলনে এবং জাতীয়তাবাদী শক্তিকে সুসংগঠিত করতে শুধুমাত্র বরিশালে নয়, তাঁর অবদান সারাদেশের মানুষ চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।

তিনি বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে উদ্বুদ্ধ একজন সৎ ও নির্ভিক রাজনীতিবিদ ছিলেন এ্যাডভোকেট কামরুল হাসান শাহীন। তিনি বরিশাল মহানগর বিএনপিকে সুসংগঠিত, শক্তিশালী ও জনপ্রিয় করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বরিশাল মহানগর বিএনপি একজন সুদক্ষ, কর্মনিষ্ঠ ও শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে নিবেদিতপ্রাণ সংগঠককে হারালো।

খালেদা জিয়া বলেন, শহীদ জিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার রাজনীতির ধারাকে সুসংহত করতে তিনি যে নিরলস পরিশ্রম করেছেন তা এদেশের জাতীয়তাবাদী জনগোষ্ঠীর নিকট চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে বরিশাল মহানগর বিএনপি একজন প্রাজ্ঞ, বর্ষিয়ান ও জনপ্রিয় রাজনীতিবিদকে হারালো যার শুন্যস্থান সহজে পূরন হবার নয়।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মরহুম এ্যাডভোকেট কামরুল হাসান শাহীনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুনগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ, এ্যাডভোকেট কামরুল হাসান শাহীন (৫৮) শনিবার রাতে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।

এমএইচ