বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, 'সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে এখন ২০ দলীয় জোট ভাঙার ষড়যন্ত্র করছে।

শনিবার (০৯ জানুয়ারি) রাজধানীর রমনায় 'ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ' মিলনায়তনে শরিক দল বাংলাদেশ লেবার পার্টির জাতীয় কাউন্সিল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পার্টির সভাপতি ড. মুস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে এ কাউন্সিলের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, আজকে আওয়ামী লীগের অগণতান্ত্রিক আচরণের কারণে দলীয় কার্যালয়ে পর্যন্ত সভা সমাবেশ করা যাচ্ছে না। ক্ষমতায় আসার পর থেকে গত কয়েক বছরে বিরোধী মতের নেতাকর্মীদের হত্যা, গুম ও নির্যাতন করছে তারা।

‘এ ধরনের ঘটনা শুধু স্বাধীনতা যুদ্ধের সময়ই ঘটেছিল। এটা আবার আওয়ামী লীগের সময় হচ্ছে,’ বলেন লেবার পার্টির শরিক দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, এখন দেশের মানুষ ও গণতন্ত্রের মহাসংকট চলছে। তাই দল-মত নির্বিশেষে জাতীয় ঐক্য দরকার। আমরা জাতীয় ঐক্যের জন্য কাজ করছি।

তাই নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে লেবার পার্টির মহাসচিব হামলুল্লাহ আল মেহেদীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এমবি/এমকে