আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, “বিএনপিসহ সব রাজনৈতিক দলের প্রতি আমি আহ্বান জানাবো- আসুন, অন্য রাজনীতি নয়, আমরা ঐক্যবদ্ধভাবে জনগণকে সুরক্ষা দেবার রাজনীতিটাই করি।”
বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে মন্ত্রী এই কথা বলেন।
হাছান মাহমুদ আরও বলেন, “এখন রাজনীতি করার সময় নয়। একে অপরকে দোষারোপ করার সময় নয়। এখন সময় হচ্ছে সব রাজনৈতিক দল মিলে সবাই ঐক্যবদ্ধভাবে এ মহাদুর্যোগ মোকাবিলা করা।”
করোনার বিশ্বপরিমাপক বা ওয়ার্ল্ডোমিটার থেকে এসময় দেশের তুলনামূলক পরিসংখ্যান উদ্ধৃত করে ড. হাছান মাহমুদ বলেন, “আমাদের পরিস্থিতি এখনও অনেক দেশের চেয়ে ভালো। কিন্তু, সেটি যেন আরও খারাপের দিকে না যায়, সেজন্য সরকারের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
দেশে করোনার পূর্ব প্রস্তুতি সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, “বিশ্বে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে এমনকি বাংলাদেশে করোনারোগী শনাক্ত হবার আগে থেকেই আওয়ামী লীগ জনগণকে সুরক্ষা দেবার জন্য সরকারের পাশাপাশি কাজ করে যাচ্ছে। আমাদের ত্রাণ উপকমিটি শুরু থেকেই ত্রাণসামগ্রী বিতরণ করে আসছে এবং একেবারে উপজেলা পর্যায় ও ছোট ছোট পৌরসভা পর্যন্ত ত্রাণসামগ্রী পৌঁছানো হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।
এমবি





