জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিংকনকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলটির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ বলেছেন, ক্ষমতা লিপ্সু সরকার সারাদেশে গণগ্রেফতারের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে।

কিন্তু সরকারের এই নগ্ন উদ্দেশ্য কখনও বাস্তবায়িত হবে না।

তিনি আরও বলেন, ২০ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সারাদেশে যে গণআন্দোলন শুরু হয়েছে তাতে এই অবৈধ সরকারের দুর্বল ভিত্তি কেঁপে উঠেছে।

মঙ্গলবার বিকালে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন যাবত দলীয় কার্যালয়ে অবরুদ্ধ রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতারা যে মিথ্যাচার করছেন তারও তীব্র নিন্দা জানিয়েছেন।

২০ দলীয় জোটের অন্যতম এই নেতা জাতীয় পার্টিসহ ২০ দলীয় জোটের সকল নেতা কর্মীদের প্রতি ঐক্যবদ্ধ হয়ে রাজপথে সক্রিয় আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন নিশ্চিত করার আহবান জানান।

এছাড়াও তিনি সরকারের প্রতি হুশিয়ারী উচ্চারন করে বলেন, অবিলম্বে আহসান হাবীব লিংকন সহ সারাদেশে গ্রেপ্তারকৃত সকল রাজবন্ধীদের নি:শর্ত মুক্তি দেওয়ার জোর দাবী জানান। অন্যথায় জনগণকে সাথে নিয়ে এই সরকারের বৈরী আচরনের সমীচীন জবাব দেওয়া হবে।

এমএইচ/এসএইচ