জাতীয় পার্টিতে এখন থেকে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন হবে বলে জানিয়েছেন পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।

তিনি বলেছেন, আমি জমিদারি বা কর্তৃত্ব করতে আসিনি। সবার মতামতের ভিত্তিতে দল চলবে। ত্যাগীদের মূল্যায়ন হবে। আমরা রাজনীতিতে একটি গুনগত পরিবর্তন আনতে চাই।

সোমবার পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় যুব সংহতির এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অনেকেই রাজনীতিকে ব্যবসার মতো মনে করে, আমরা রাজনীতিকে সেবার মানসিকতায় দেখছি।

পার্টির নেতা-কর্মীদের উদ্দেশে জি এম কাদের বলেন, সবাই ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসুন জাতীয় পার্টিকে শক্তিশালী করতে। সবাইকে নিয়েই আমরা শক্তিশালী জাতীয় পার্টি গড়তে চাই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, জাতীয় পার্টিতে কোনো বিদ্রোহী নেই।

জাতীয় যুব সংহতির সভাপতি আলমগীর সিকদার লোটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, যারা জাতীয় পার্টি করবেন তাদের সবাইকেই হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশনা মানতে হবে।

আমরা দলকে কখনোই ছোট করতে চাই না, কাউকে বাদ দিয়ে রাজনীতি করতে চাই না। আমরা সবাইকে নিয়ে জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে কাজ করবো।

রাঙ্গা বলেন, এখন বাংলাদেশে রাজনীতিতে জাতীয় পার্টির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আগামী দিনে শুধু জাতীয় পার্টি একটি বড় দল হিসেবে শক্তিশালী অবস্থান নিবে জাতীয় রাজনীতিতে।

জিএম কাদের বলেন, ’৯০-এর পর দুঃসময়ে এ দলে এসেছি, কোনো কিছু পাওয়ার লোভে নয়, দুঃসময় মোকাবেলা করতে। সেই সময় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জেলে ছিলেন। তার মুক্তি ও দলকে সুসংগঠিত করতে এসেছিলাম। আমরা রাজনীতিতে একটি গুনগত পরিবর্তন আনতে চাই।

নিজের জনপ্রিয়তার কথা উল্লেখ করে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ও বিএনপির বিরোধিতা মোকাবেলা করে এমপি হয়েছি। ২০০৯ সালে মহাজোট সরকারের হয়ে দুটি মন্ত্রণালয় সফলতার সঙ্গে পরিচালনা করার অভিজ্ঞতা আমার আছে।

তিনি বলেন, এখনও এমপি আছি এবং পাশাপাশি দলের চেয়ারম্যান আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন। এ পদে থেকে আমি জমিদারি বা কর্তৃত্ব করব না। সবার মতামতের ভিত্তিতে দল পরিচালনা করব। এই দলে ত্যাগীদের মূল্যায়ন হবে। কেউ হুট করে এসে এখানে লাভবান হতে পারবে না।

জাতীয় যুব সংহতির সভাপতি আলমগীর সিকদার লোটনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, চেয়ারম্যানের উপদেষ্টা নাজমা আক্তার, প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলন, অধ্যাপক মাসুদা এ বশির, রেজাউল ইসলাম ভূঁইয়া, মহানগর দক্ষিণের জহিরুল ইসলাম রুবেল প্রমুখ।

এএস