বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে হত্যার পরিকল্পনা করেছিল বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে জননেত্রী সৈনিক লীগ আয়োজিত প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়কে বিএনপির হাইকমান্ডের নির্দেশে অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

মুক্তিযোদ্ধা মন্ত্রী বলেন, অপহরণের চেষ্টার সঙ্গে যারা জড়িত তারা স্বীকার করেছে বিএনপির হাইকমন্ড তারেক রহমান ও খালেদা জিয়ার নির্দেশে তারা জয়কে অপহরণ করার চেষ্টা করেছিল।

তিনি বলেন, তারা জানে আগামীতে বাংলাদেশে নেতৃত্ব দেবে সজীব ওয়াজেদ জয়, একারণে তাকে হত্যার উদ্দেশ্যে অপহরণের চেষ্টা করা হয়েছিল। বাংলার জনগণের প্রত্যাশা অপহরণের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার করা হোক।

 

বিএনপির আন্দোলনের সমলোচনা করে তিনি বলেন, আন্দোলনের নামে তারা বোমা মেরে মানুষ হত্যা করছে, তাদের আন্দোলনে জনগণের কোন সমর্থন নাই। অবিলম্বে হরতাল অবরোধের নামে মানুষ হত্যা বন্ধ করে সষ্ঠু রাজনীতিতে ফিরে আসারও আহবান জানান তিনি।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি মাহবুবউদ্দিন আহমমেদ, সংগঠনের সাধারণ সম্পাদক নজরূল ইসলাম প্রমুখ।

এমএ/ এআর