গাজীপুরে সমাবেশের ব্যাপারে বিএনপির সিদ্ধান্তের পরই নিজেদের সিদ্ধান্ত জানাবে গাজীপুর জেলা ছাত্রলীগ।
আজ শুক্রবার বিকালে জেলা ছাত্রলীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন এ কথা জানান।
কাল বিএনপি ও ছাত্রলীগ গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে সমাবেশের ঘোষণা দিলে কলেজ মাঠসহ পুরো জেলায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।
গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ বলেছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
এর পরই কালকের সমাবেশে ১৪৪ ধারা জারি ও দলের নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে আজ সন্ধ্যায় জরুরি বৈঠক ডাকেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বৈঠকে পরবর্তী করণীয় ঠিক করবে বিএনপি। এ ব্যাপারে বিএনপির সিদ্ধান্তের পরই ছাত্রলীগ তাদের সিদ্ধান্ত জানাবে।
উল্লেখ্য, আগামীকাল ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে সমাবেশের ডাক দেয় বিএনপি। বঙ্গবন্ধুকে কটাক্ষ করে বক্তব্য দেওয়ার কারণে তারেক রহমান নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করা পর্যন্ত বিএনপিকে কোথাও সমাবেশ করতে না দেওয়ার ঘোষণা দেয় ছাত্রলীগ।
এ কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় কাল গাজীপুর জেলার কোথাও কোনো ধরনের সমাবেশ না করতে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। ইতিমধ্যে জেলার বিভিন্ন স্থানে মাইকে ১৪৪ ধারা জারির বিষয়টি প্রচার করছে প্রশাসন।
এসএইচ





