বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোন বাধাকে ভয় না করে দেশের জাতীয়তাবাদী আন্দোলনকে জয়ী করতে হবে। আর এ ক্ষেত্রে তরুণদেরকেই অগ্রভাগে থেকে নেতৃত্ব দিতে হবে।
মঙ্গলবার লন্ডনে স্থানীয় সময় বিকাল ৪ টায় যুক্তরাজ্য বিএনপির আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক জিয়া’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কেবল শ্লোগানের রাজনীতি নয়, এটা পরিহার করে আমাদেরকে দেশের জন্য কাজ করতে হবে। পৃথিবীর সব দেশে যারাই জাতীয়তাবাদী আদর্শের জন্য আন্দোলন করছে তাদেরকে প্রতি পদে পদে বাধার সম্মুখীন হতে হয়েছে। বাংলাদেশে বিএনপিও তার ব্যাতিক্রম নয়। দলের নেতা-কর্মীদের এসব বাধা-প্রতিকূলতা উপেক্ষা করে জাতীয়তাবাদী আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।
জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করে তারেক রহমান বলেন, ৭ ই মার্চ নয় দেশের স্বাধীনতার ঘোষণা ২৬ মার্চই প্রথম দিয়ে ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার ঘোষণাই বাংলাদেশের মানুষকে স্বাধীনতা সংগ্রামে উজ্জ্বিবীত করে।  স্বাধীন দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে দেশ গড়ায় অংশ নিয়েছিলেন জিয়াউর রহমান। তরুণদেরকে দেশের ইতিহাস জানাতে হবে।
যুক্তরাজ্য বিএনপির  সাধারণ সম্পাদক কায়ছর আহমদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলসহ অনেকে।
[b]লন্ডন,২৬ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ
[/b]