বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, সাহস থাকলে বাংলাদেশে ফিরে এসে আইনের আশ্রয় নিন আমরা আপনাকে ওয়েলকাম জানাবো। অনেক ষড়ষন্ত্র করছেন। এখন বন্ধ করেন।
সোমবার বিকালে ঢাকা মহানগর নাট্যমঞ্চে সূত্রাপুর, ওয়ারী ও গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০১৪ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ওনারা (বিএনপি) বলেন তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। আমরা কি? তারেক রহমানকে বাইন্দা রাখছি’।
তিনি আরও বলেন, খালেদা জিয়া উপজেলা নির্বাচনের পর আবারও জামায়াত-শিবিরকে সঙ্গে নিয়ে গলা কাটা রাজনীতি শুরু করার হুমকি দিচ্ছে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করে এখন উপজেলা নির্বাচনের ছালা নিয়ে টানা টানি করছে বিএনপি। এখন আম ও হারিয়েছে ছালাও হারিয়েছে। এদেশে আর নাশকতা করলে তৃতীয় জায়গাও পাবেনা বিএনপি।
বিএনপির উদ্দেশ্যে মায়া বলেন, ‘আপনারা শুধু আলোচনার কথা বলছেন-অবশ্যই আলোচনা হবে। তবে সেটা হবে ২০১৯ সালের নির্বাচনের জন্য এর আগে বাংলাদেশে আর কোন নির্বাচন হবে না। তাতে আপনারা যতই ষড়যন্ত্র করেন আর আন্দোলনের হুমকি দেন কোন কিছুতে কাজ হবেনা’।

বিকাল সোয়া ৪টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্ভোধন করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ।
সূত্রাপুর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ্ব আবু আহমেদ মন্নাফী সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।
[b]ঢাকা,এমআর,১০ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]