নির্বাচন কমিশন ও সার্চ কমিটি গঠন নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদকে পাঁচটি প্রস্তাব দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে মঙ্গলবার বিকেলে এ প্রস্তাব দেন তিনি।

প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে ১. সংবিধান অনুসারে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত একটি আইনি কাঠামো প্রণয়ন করা।

২. নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন রাখার বিধান করা।

৩. নির্বাচন কমিশনের আলাদা সচিবালয় দেওয়া।

৪. বর্তমানে সংসদেই এই আইন পাস করতে হবে।

৫. নির্বাচন কমিশনারদের যোগ্যতা ও অভিজ্ঞতার বিবেচনা করতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য, নিরপেক্ষতা, ব্যক্তিগত একাগ্রতা ও সততা, ন্যূনতম ও সর্বোচ্চ বয়স, পেশাগত যোগ্যতা, নির্বাচন সংক্রান্ত জ্ঞান, শারীরিক ও মানসিক সুস্থ্যতা, রাজনৈতিকভাবে সক্রিয় নয়, অন্য অফিসে নিয়োগে বিধি-নিষেধ, চারিত্রিক স্বচ্ছতা।

এরশাদের নেতৃত্বে ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল বেলা পৌনে ৩টার দিকে বঙ্গভবনে প্রবেশ করে। বৈঠক শেষে বেলা সাড়ে ৪টার দিকে প্রতিনিধি দলটি বঙ্গভবন থেকে বেরিয়ে যায়। প্রতিনিধি দলে ছিলেন গোলাম মুহাম্মদ কাদের, রুহুল আমিন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, কাজী ফিরোজ রশীদ, ফখরুল ইমাম প্রমুখ।

উল্লেখ্য, এর আগে ১৮ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ওইদিন রাষ্ট্রপতির সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেছে।

জারিফ