বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল অব. মাহবুবুর রহমান বলেছেন, “বর্তমান সংসদ অন্তঃসারশূন্য। এতে দেশের জনগণের কোনো সমর্থন নেই। এই সংসদ চোরাবালির ওপর দাঁড়িয়ে আছে। যেকোনো সময় ধসে যেতে পারে।”
সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স রুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত মেজর অব. হানিফসহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন এর সভাপতিত্বে আরো বক্তব্য দেন বিএনপির জাতীয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।
মাহাবুবুর রহমান বলেন, “১৯৭১ সালে মেজর জিয়াউর রহমানের ডাকে মানুষ অস্ত্রহাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেই যুদ্ধেও মূলমন্ত্র ছিল গণতন্ত্র। গণতন্ত্রেও সংকট তৈরি হয়েছে। গণতন্ত্রের সংকটের কারণেই রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সব কিছুতে সংকট দেখা দিয়েছে।”
আল-কায়েদা প্রকাশিত অডিও বার্তা সম্পর্কে তিনি বলেন, “ঘটনাটি সত্য কিনা তা আমার জানা নেই। তবে ঘটনা যাই ঘটুক এর পেছনে কোনো ষড়যন্ত্র কাজ করছে কিনা তা তদন্ত করে খুঁজে বের করতে হবে। আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে। বাংলাদেশের কোনো মানুষ কখনো জঙ্গিবাদ সমর্থন করতে পারে না।  ইসলামও কখনো জঙ্গিবাদ সমর্থন করে না।”
শামসুজ্জামান দুদু বলেন, “৫ জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে যে আন্দোলনের সূত্রপাত হয়েছিল তা অতীতের সব আন্দোলনকে হার মানিয়েছে। আমরা আইন মেনে আন্দোলন করেছিলাম, তাই অনেকে বলতে পারেন বিএনপি আন্দোলন করতে পারে  না। এবার আমরা আইন অমান্য করে আন্দোলনের ডাক দেয়া হবে।”
তিনি আরো বলেন, “ভারত আলোচনা করে স্বাধীনতা পেয়েছে কিন্তু এই উপমহাদেশের মধ্যে শুধু বাংলাদেশই এক সাগর রক্তের বিনিময়ে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে।”
[b]ঢাকা,১৭ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]