গাজীপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মাদ হারুন-অর-রশীদ গত ১২ জুন তার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিং-এ “জামায়াত নেতা মুজাহিদের আসন্ন রায়কে কেন্দ্র করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে অরাজকতা ও নাশকতা করার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে” মর্মে যে বক্তব্য দিয়েছেন তা মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ এ প্রতিবাদ জানান।
হামিদুর রহমান আযাদ বলেন,এ বক্তব্যের জবাবে আমি সুস্পষ্ট ভাষায় জানাতে চাই যে, জামায়াত ও ছাত্রশিবির নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারার রাজনীতিতে বিশ্বাস করে। জামায়াত ও ছাত্রশিবিরের গাজীপুরসহ দেশের কোথাও অরাজকতা ও নাশকতা করার কোন ধরনের প্রস্তুতি নেয়ার প্রশ্নই আসে না।
গাজীপুরের পুলিশ সুপারের বক্তব্য সম্পূর্ণ অনুমান নির্ভর ও বিভ্রান্তিকর মন্তব্য করে তিনি বলেন, গত ১১ জুন রাতে জামায়াত ও ছাত্রশিবিরের গ্রেফতারকৃত ৩৪ জন নেতা-কর্মীদের কাছ থেকে ২৫টি পেট্রলবোমা, কিছু জিহাদী বই ও লিফলেট উদ্ধার করার যে দাবী করেছেন তা সবই মিথ্যা। জামায়াত ও ছাত্রশিবিরের গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মিথ্যা মামলায় জড়ানোর হীন উদ্দেশ্যেই তিনি এ মিথ্যাচার করছেন।
তিনি বলেন, 'জামায়াত ও ছাত্রশিবিরের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভিত্তিহীন মিথ্যা বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমি গাজীপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মাদ হারুন-অর-রশীদের প্রতি আহ্বান জানাচ্ছি।'
এমকে





