বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমানের বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা অথবা তারেক রহমানকে দল থেকে বহিষ্কার না করলে আগামী ২৭ ডিসেম্বর গাজীপুরে অনুষ্ঠিতব্য খালেদা জিয়ার জনসভাস্থলে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ।

রোববার দুপুরে গাজীপুর জেলা ও মহানগর ছাত্রলীগ আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা দেয়।

জেলা ছাত্রলীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গত ১৬ ডিসেম্বর কটূক্তি করেন। বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রথম শহীদদের পবিত্র মাটি গাজীপুরের মানুষ তা মেনে নিতে পারে না। তাই গাজীপুর জেলা ও মহানগর শাখা ছাত্রলীগ আগামী ২৭ ডিসেম্বর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে বিক্ষোভ সমাবেশের ঘোষণা করছি।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া যদি গাজীপুরের মাটিতে আসতে চান তবে লন্ডনে দেয়া তারেক রহমানের বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে অথবা তারেক রহমানকে বিএনপি থেকে বহিষ্কার করতে হবে।

এ সময় মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দীপসহ ছাত্র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আগামী ২৭ ডিসেম্বর গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে বিএনপির জনসভার নির্ধারিত তারিখ রয়েছে।
এতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে। ওই জনসভাকে সফল করতে ইতোমধ্যেই জেলা ব্যাপী বিএনপির ব্যাপক চলছে।
গতকাল শ্রমিক দলের এক প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার। এতে জেলা সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবুলসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

জেএ