তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের ইতিহাসে ‘চার নম্বর মীর জাফর’ হিসেবে আখ্যায়িত করেছেন।
তিনি বলেন, “বঙ্গবন্ধুর মৃত্যুর পর জিয়াউর রহমান বাংলাদেশ ইতিহাস ও সংবিধানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন,  মীর জাফরের মত কাজ করেছেন। তাই জিয়াউর রহমান চার নম্বর মীর জাফর” হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় ভেড়ামারার গোলাপনগরস্থ নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে ‘গার্ড অব অনার’ গ্রহণের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, “স্বাধীনতার ঘোষণা ২৭ মার্চ দেয়া হয়েছে বললেও স্বাধীনতা দিবস বিএনপি পালন করেছে ২৬ মার্চ, আর এভাবেই বিএনপি নিজের মিথ্যাচারে নিজেরাই আটকে গেছে।
বঙ্গবন্ধুকে ‘মুক্তিযুদ্ধের ইমাম’ হিসেবে আখ্যায়িত করে ইনু বলেন, “জিয়াউর রহমান হচ্ছেন মুক্তিযুদ্ধের ইমাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাজার মোকাব্বেরের মধ্যে একজন মোকাব্বের মাত্র। বঙ্গবন্ধুর রাষ্ট্রতিত্বে যে সরকার গঠিত হয়েছিল সেই সরকারের অধীনে একজন সেক্টর কমান্ডার হিসেবে জিয়াউর রহমান যুদ্ধ করেছেন”।
তিনি বলেন, “বেগম খালেদা জিয়া যত চেষ্টাই করুন না কেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা-যুদ্ধাপরাধীদের বিচার-১০ ট্রাক অস্ত্র মামলা ও বিভিন্ন হত্যা-দুর্নীতির মামলা থেকে তিনি নিজেকে কিছুতেই রক্ষা করতে পারবেন না”।
পরে তিনি গোলাপনগরে সোলাইমান শাহ্ (রহ.) চিশ্তির মাজার জিয়ারত করেন এবং তার ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দরবার শরীফে তিন দিনব্যাপী চলমান ওরশ মোবারক পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা, ভেড়ামারার সহকারী কমিশনার (ভূমি) সিরাজাম মুনিরাসহ দলীয় নেতা-কর্মীরা।
[b]ঢাকা, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]