বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাঁয়তারা ও দেশব্যাপী সরকারের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ২০ দলীয় জোট ঘোষিত ২৫ ও ২৬ জানুয়ারী ৩৬ ঘণ্টার হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পাললের আহবান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান।
আজ ২৪ জানুয়ারী এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, “রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ আওয়ামী মহাজোট সরকার জনদুর্ভোগ বৃদ্ধি অব্যাহত রাখার পদক্ষেপের অংশ হিসেবে বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাঁয়তারা করছে। এর মাধ্যমে দ্রব্যমূল্যসহ মানুষের স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত করে জনজীবনকে আরেক ধাপ বিপর্যস্ত করার পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে।
দেশের জনগণ গণধিকৃত ও অবৈধ সরকারের এ গণবিরোধী সিদ্ধান্ত কিছুতেই মেনে নিবে না। সরকারের বিদ্যুতের মূল্য বৃদ্ধির এ অযৌক্তিক ও গণস্বার্থ বিরোধী পাঁয়তারার বিরুদ্ধে ২০ দলীয় জোট ২৫ জানুয়ারী রবিবার সকাল ৬টা থেকে সোমবার ২৬ জানুয়ারী সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়েছে।
জনগণের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে এবং সরকারের স্বৈরাচারী কর্মকা- ও দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ২০ দলীয় জোট ঘোষিত অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচিতে গোটা দেশ অচল হয়ে পড়েছে। দেশের শিল্প ও অর্থনীতির চাকা থেমে গেছে। আমদানি ও রফতানি শূন্যের কোঠায় নেমে এসেছে। বৈদেশিক বিনিয়োগ বন্ধ হয়ে গিয়েছে। সরকারের দলীয় ক্যাডার ও দুষ্কৃতকারীদের হামলায় জানমালের ব্যাপক ক্ষয়-ক্ষতি হচ্ছে।
রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দলীয় ক্যাডারের মত ব্যবহৃত হচ্ছে। প্রতিদিন তাদের হাতে নিহত হচ্ছে ২০ দলীয় জোটের নেতা-কর্মী ও সাধারণ জনগণ। আন্দোলন বানচাল করার জন্য সরকার নানাভাবে চক্রান্ত করছে।
আজও শান্তিপূর্ণ অবরোধ চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানী ঢাকাসহ সারাদেশে জামায়াতে ইসলামীসহ ২০ দলীয় জোটের প্রায় চারশত নেতা-কর্মীকে গ্রেফতার করেছে।
জুলুম-নিপীড়নের পাশাপাশি বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাঁয়তারার মাধ্যমে সরকার জনজীবনে দুর্ভোগ ডেকে আনার চক্রান্ত করছে।
বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাঁয়তারা ও সরকারের সকল অপকর্মের বিরুদ্ধে ২০ দলীয় জোট ঘোষিত ২৫ ও ২৬ জানুয়ারী ৩৬ ঘণ্টার হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করার জন্য আমি সংগ্রামী দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।”
এসএইচ





