বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল আলী আহসান মুজাহিদের রায় পুনর্বিবেচনায় (রিভিউ) আবেদন আপিল বিভাগ খারিজের প্রতিবাদ জানিয়েছেন নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশীরা।

বুধবার সন্ধ্যায় ব্রুকলীনে স্থানীয় একটি মিলনায়তনে এ প্রতিবাদ সভার আয়োজন করেন ‘বাংলাদেশী-আমেরিকান প্রগ্রেসিভ ফোরাম’ (বাপফ)।

প্রতিবাদ সভায় আলী আহসান মুজাহিদের রিভিউ আবেদন খারিজ করে দেওয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বক্তারা বলেন, দেশে ইসলামী নেতৃত্ব শূন্য করার লক্ষ্যে সরকার তথাকথিত মানবতাবিরোধী অপরাধ বিচারের নামে ফরমায়েশি রায় দিয়ে যাচ্ছে।

এ রায়ে দেশ ও প্রবাসে দেশ প্রেমিক জনগণ ক্ষুব্ধ ও মর্মাহত। সরকার জাতীয় নেতাদের বিরুদ্ধে একটার পর একটা অন্যায় রায় দিয়ে যাচ্ছে। আমরা প্রবাস থেকে এ রায়ের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই।

তারা বলেন, শেখ হাসিনা দেশে এক দলীয় শাসন কায়েম করার লক্ষ্যে নেতৃবৃন্দকে হত্যার উল্লাসে মেতে উঠেছে। এ রায় রাজনৈতিক প্রতিহিংসার। মুজাহিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। কোন প্রত্যক্ষদর্শী সাক্ষীও নেই। এরপরেও সরকারের মিথ্যা মামলায় তাকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। এ রায়ের বিরুদ্ধে তিনি রিভিউ আবেদন করলে তাও খারিজ করে দিয়েছে আদালত।’

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন প্রগ্রেসিভ ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক নূরুল ইসলাম। আপিল বিভাগ রিভিউ আবেদন খারিজে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন, ফোরামের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, শিক্ষাবিদ আবুসামীহাহ সিরাজুল ইসলাম, অধ্যাপক কাজী মোহাম্মদ ইসমাইল, ক্যাবী সোসাইটির সাবেক সভাপতি ডা: আজিজ উল্লাহ, কমিউনিটি এক্টিভিষ্ট সাফায়েত হোসেন সাফা, মাওলানা সিহাবুদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন হাসান সরোয়ারুদ্দী দুলাল।

এআই