বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার করা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন ২০ দলীয় জোটের অন্যতম শরিক খেলাফতে মজলিশের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসফাক।

জাতীয় সম্প্রচার নীতিমালার প্রতিবাদে মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি ও ২০ দলীয় জোটের ডাকা সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এ শঙ্কার কথা প্রকাশ করেন ইসফাক।

তিনি বলেন, সামনে কঠিন সময় আসছে। সরকার আমাদের নেত্রীকেও গ্রেফতার করতে পারে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

খালেদা জিয়ার নির্দেশ পেলে ঢাকা মহানগর বিএনপির বর্তমান কমিটির নেতারা দেশ অচল করে দিতে পারে মন্তব্য করে তিনি বলেন, আমার বিশ্বাস ঢাকা মহানগর যদি ঐক্যবদ্ধ হয়ে এ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তবে সরকার বিএনপির কোনো ক্ষতি করতে পারবে না।

ঢাকা,  ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ