মাদারীপুর মাহমুদা শিকদারসহ ৪ জন মহিলা এবং সাতক্ষীরা শহর থেকে আসমা খাতুনসহ ১৩ জন মহিলাকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “আজ ২ জুলাই মাদারীপুরে মাহমুদা শিকদারসহ ৪ জন মহিলাকে এবং সাতক্ষীরা শহর থেকে আসমা খাতুনসহ ১৩ জন মহিলাকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করে সরকার রমযানের পবিত্রতা ক্ষুন্ন করেছে। সরকার রাজনৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যেই তাদের গ্রেফতার করেছে।"

"সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদ শেখ ‘আসমা খাতুনসহ ১৩ জন মহিলাকে নাশকতার পরিকল্পনা করতে গোপন বৈঠক করছিল’ মর্মে যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণই মিথ্যা। তারা পবিত্র রমযানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা এবং ইফতার মাহফিলের আয়োজন করছিল।"

"তাদের মিথ্যা মামলায় জড়ানোর হীন উদ্দেশ্যেই সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদ শেখ তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন।"

জেডআই