পৃথিবীর যে কোনও সময়, যে কোনও জায়গায় আছড়ে পড়তে পারে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা রাশিয়ান মহাকাশযান। এমন খবরে আঁতকে উঠেছিল দুনিয়া। শেষ অবধি স্বস্তির নিঃশ্বাস ফেলবে পৃথিবীবাসী। কানাডার জ্যোর্তিবিজ্ঞানী ক্রিস হ্যাডফিল্ড দাবি করেন, রাশিয়ান মহাকাশযান ৯০ ডিগ্রি ঘুরে পৃথিবী বিমুখ। তিনি আশা করছেন, ৫ থেকে ৭ মে-র মধ্যে পুড়ে ছাই হয়ে যাবে চালকবিহীন রাশিয়ান মহাকাশযানটি।
৩০ এপ্রিল, ক্রিস হ্যাডফিল্ড টুইট করে জানান, "শেষ খবর পর্যন্ত পৃথিবীর অভিমুখে যাত্রাপথে রাশিয়ান মহাকাশযান ৯০ ডিগ্রি ঘুরে যায়। জ্বালানী লাইন লিক হওয়ার সম্ভাবনা রয়েছে। তার ফলে ৫ থেকে ৭ মে-র মধ্যে মহাকাশেই নিশ্চিহ্ন হয়ে যাবে।"
গত মঙ্গলবার প্রোগ্রেস এম-২৭ এম খাদ্য ও জ্বালানিসহ আন্তর্জাতিক স্পেস স্টেশনের দিকে রওনা দেয়। মোট ২.৫ টনের জ্বালানি ও খাদ্যদ্রব্য বহন করছিল মহাকাশযানটি। কিন্তু অক্ষরেখার হিসেব-নিকেশে ত্রুটির জন্য যানটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য কক্ষপথে ঢুকে পড়ে।
রাশিয়ান স্পেস এজেন্সি ও নাসা দুপক্ষেরই দাবি, আন্তর্জাতিক স্পেস স্টেশনে যে ছয়জন যাত্রী রয়েছে তাদের প্রাণহানির কোনও আশঙ্কা এখনই নেই। তাদের পর্যাপ্ত খাবারদাবার রয়েছে। প্রোগ্রেস এম-২৭ এম সেই স্টেশনেই খাদ্য-জ্বালানি নিয়ে যাচ্ছিল।
বিজ্ঞানীরা আশঙ্কা করছিলেন, যে কোনও সময়, যে কোনও জায়গায় এটি আছড়ে পড়তে পারে। তবে, নিয়ন্ত্রণ হারানো মহকাশযানটি ঠিক কোথায় গিয়ে পড়বে, তা আগাম বুঝে উঠতে পারছেন না মহাকাশ বিজ্ঞানীরা।
জেআই





