নতুন মোবাইল গেম। খেলার বিষয়, গাজার উপর ইসরাইলের আক্রমণ। PlayFTW-এর এই নতুন খেলায় মোবাইল ব্যবহারকারীকে ইসরাইলের হয়ে গাজার উপর বোমা ফেলার আমন্ত্রণ জানানো হয়েছে।
অবশ্য সাধারণ মানুষকে খুন না করে বোমা ফেলাই এই খেলার নিয়ম। সারা পৃথিবী যখন গাজার উপর ইসরাইলের নির্মম আগ্রাসন নিয়ে সোচ্চার তখন এই ধরণের মোবাইল গেম নিয়ে স্বাভাবিকভাবেই প্রবল প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিশ্বজুড়ে। আর সেই বিক্ষোভের মুখে পড়ে শেষ পর্যন্ত গেমটি নিজেদের অ্যাপ স্টোর থেকে সরিয়ে নিল Google Inc।
যদিও "Bomb Gaza" নামের খেলাটি এখনও পাওয়া যাচ্ছে ফেসবুক অ্যাপে। এই খেলায় যুদ্ধবিমান থেকে খেলুড়েদের বোমা মারতে হবে কালো-সবুজ মুখোশ পড়া হামাসপন্থীদের উপর।
গুগলের মুখপাত্র জানিয়েছেন ''আমরা গুগল প্লে থেকে এই অ্যাপ সরিয়ে নিয়েছি। এই খেলা আমাদের পলিসি নষ্ট করছিল।''
২৯ জুলাই আত্মপ্রকাশের পর থেকেই এই গেম নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। গুগলের রিভিউ পেজে সারা পৃথিবীর বহু মানুষ এই অ্যাপটি সরিয়ে নেওয়ার দাবি তোলেন। প্রতিবাদ চলে ফেসবুক জুড়েও।
আর এই বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স চেষ্টা করেও ফেসবুকের কোনো মন্তব্য পায়নি৷ গেমটির নির্মাতা প্রতিষ্ঠান প্লেএফটিডাব্লিউও মন্তব্য করা থেকে বিরত রয়েছে৷ এখনও পর্যন্ত মোট ১,০০০ বার ডাউনলোড হয়েছে এই গেমটি।
উল্লেখ্য, ৮ জুলাই থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় ১,৯০০ বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৩০ জন শিশু রয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৯ হাজার ৩'শ ফিলিস্তিনি। এদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এছাড়া, ইসরাইলের হামলায় ধ্বংস হয়েছে ৩,০০০ বেশি বাড়ি। বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ। অপরদিকে ইসরাইলের ৬৪ সেনা ও তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এ সংঘাতে। তবে, হামাসের দাবি অন্তত ১৫০ ইসরাইলি সেনা খতম হয়েছে। (সূত্র: রয়াটার্স)
ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই, কেবি





