শ্রীলঙ্কা সফরে এসে আগেই ওয়ানডে সিরিজটি জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এবার টেস্ট সিরিজ জিততে লড়ছে দলটি। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে সেঞ্চুরি করেছেন দক্ষিণ আফ্রিকার ডিন এলগার। তার সেঞ্চুরিতে ভর করে প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৬৮ রান সংগ্রহ করেছে সফরকারীরা।
বুধবার শ্রীলঙ্কার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হয় দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার। এই ম্যাচে টসও জিতেছেন তিনি। সুযোগ পেয়ে প্রথমেই ব্যাটিং বেছে নিয়েছেন এই ব্যাটসম্যান। উদ্বোধনী জুটিতে মাঠে নেমেছেন আলভিরো পিটারসেন ও ডিন এলগারকে। শুরুতে ৭০ রানের জুটি গড়েন তারা। ৩৪ রান করা পিটারসেনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মাঠ থেকে বিদায় করে দেন দিলরুবান পেরেরা।
ওয়ানডাউনে নামা ডুপ্লেসিসকে সঙ্গে নিয়ে রানের চাকা ঘুরাতে থাকেন এলগার। ছক্কা হাঁকিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করেন এই তারকা। কিন্তু আর বেশিক্ষণ মাঠে টিকতে পারেননি। লাকমালের বলে চান্দিমালের হাতে ক্যাচ তুলে দেন তিনি। মাঠ ছাড়ার আগে ১৮৭ বলে ১১টি চার ও তিনটি ছক্কায় ১০৩ রান করেন এই ব্যাটসম্যান।
এরপর দ্রুতই উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। ক্রিজে এসে মাত্র ১১ রান করে আউট হন আমলা। ৮০ রান করা ডুপ্লেসিস আউট হলে দিন শেষ হওয়ার আগেই মোট পাঁচ উইকেট হারায় প্রোটিয়ারা।
দ্বিতীয় দিনে ১৭ রান করা ডি ককের সঙ্গে শূন্য রান নিয়ে মাঠে নামবেন ডেইল স্টেইন।
ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





