জাতীয় দলের জার্সি গায়ে অসাধারণ খেলেন নেইমার। এটা বারবারই প্রমাণ করেছেন বার্সেলোনা ফরোয়ার্ড। কিন্তু অধিনায়ক হওয়ার পর তার ব্যত্যয় ঘটবে কী? না, কোনো হেরফের হয়নি। দায়িত্ব নেওয়ার পরও পারফর্মে কোনো ঘাটতি তৈরি হয়নি নেইমারের। তার নেতৃত্বে প্রীতিম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল।

নেইমার অধিনায়ক হওয়ার পর দিনচারেক আগে কলম্বিয়ার বিপক্ষে প্রথম প্রীতিম্যাচ খেলেছিল ব্রাজিল। তাতে জয় দিয়েই শুরু করেছিলেন নেইমার। দ্বিতীয় ম্যাচেও কোনো ঝামেলা হয়নি। যথারীতি জয় পেয়েছে নেইমারের ব্রাজিল।

নিউজার্সিতে খেলার শুরু থেকে শেষ অবধি ক্যামেরার চোখে চোখে ছিলেন নেইমার। থাকবেনই তো, যেখানেই বল সেখানেই তরুণ অধিনায়ক। যদিও নিজে গোল করতে পারেননি। কিন্তু ৩১ মিনিটে ব্রাজিল যে গোলের দেখা পেয়েছে। সেই গোলের কারিগরও ২২ বছর বয়সী নেতা। তার ফ্লিক থেকে জালে বল জড়িয়েছেন উইলিয়ান। প্রথমার্ধের পর আর কোনো গোল হয়নি, তাই এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল।

গোলের জন্য কম চেষ্টা করেনি ব্রাজিল। দ্বিতীয়ার্ধে চারটি পরিবর্তন এনেছেন কোচ ডুঙ্গা। মাঠে নেমেছেন এলিয়াস, ফিলিপ, রিকার্ডো ও এভারটন। না, তাতেও কোনো কাজ হয়নি। তাই ১-০ ব্যবধানে জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে নেইমারের ব্রাজিলকে।

ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই