জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য আজ রোববার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন  মাশরাফি বিন মুর্তজা। ওয়ানডে অধিনায়কের ফেরার সিরিজে সুযোগ পেলেন তরুণ ক্রিকেটার আফিফ হোসেন ও নাঈম শেখ।

সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সবশেষ সিরিজের দল থেকে এই দলে সাত পরিবর্তন এসেছে। শেষ গত বছর জুলাইয়ে শ্রীলঙ্কা বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ।

বিসিএল ও টেস্টে পারফর্ম করে দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া পেসার আল-আমিন হোসেন ও লিটন দাস ফিরেছেন জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দলে। চোটের কারণে বাইরে থাকা সাইফউদ্দিনও ফিরেছেন জিম্বাবুয়ের বিপক্ষে।

সবশেষ সিরিজের দল থেকে  বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও ফরহাদ রেজা। চোট ও ব্যক্তিগত কারণে নেই মোসাদ্দেক হোসেন সৈকত ও সৌম্য সরকার। আরো বাদ পড়েছেন এনামুল হক, রুবেল হোসেন ও সাব্বির রহমান।

দেশের হয়ে সর্বশেষ বিশ্বকাপে খেলেছেন মাশরাফি। ২০১৯ সালের ৫ জুলাই পাকিস্তানের বিপক্ষে ম্যাচের  পর আর দেখা যায়নি তাঁকে। এ ছাড়া দেশের মাটিতে আরো ১৫ মাস আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছেন ওয়ানডে অধিনায়ক।

আগামী ১ মার্চ থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ওয়ানডে হবে ৩ মার্চ। তিনটি ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

বাংলাদেশ ওয়ানডে দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান।

এমআর