ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে কলাবাগান ক্রীড়া চক্রকে হারিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকালে কুয়াশার কারণে ২৫ ওভারে নেমে আসা ম্যাচে কলাবাগানকে ৪৮ রানে হারায় প্রাইম ব্যাংক।

দশম রাউন্ড শেষে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে প্রাইম ব্যাংক। ১৬ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পেছনেই আছে আবাহনী।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৯৩ রান করে প্রাইম ব্যাংক। সর্বোচ্চ ৫৪ রান করেন সাদমান ইসলাম। তার ৫১ বলের ইনিংসটি ৬টি চারে গড়া। এছাড়া সৌম্য সরকার ৩৫, তাইবুর পারভেজ ২৬ ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ২২ রান করেন।

কলাবাগানের আব্দুর রাজ্জাক ও নাসুম আহমেদ তিনটি করে উইকেট নেন।

জবাবে ৯ উইকেটে ১৪৬ রানে থেমে যায় কলাবাগানের ইনিংস। উত্তম সরকার (২৩) ও শামসুর রহমান (২৯) উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন কলাবাগানকে। কিন্তু তাদের ৪৪ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর নিয়মিত উইকেট হারানোয় বড় হার এড়াতে পারেনি দলটি। সর্বোচ্চ ৩১ রান করেন তাসামুল হক। জুপিটার ঘোষ অপরাজিত থাকেন ২১ রানে।

প্রাইম ব্যাংকের তাইজুল ইসলাম, এনামুল হক ও ফরহাদ রেজা দুটি করে উইকেট নেন।

জেডআই