খেলার মাঠে ড্রোন ব্যাবহারে জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘন হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ক্ষমা চেয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট টিম।

খেলোয়াড়দের খুঁটিনাটি পর্যালোচনা করতেই বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামে প্র্যাকটিসে ড্রোন বা চালকবিহীন ক্ষুদ্র বিমান উড়িয়েছিল তারা।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ড্রোন ব্যবহার বন্ধের অনুরোধ করায় তা নির্দ্বিধায় মেনে নিয়েছে প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজার মোহাম্মদ মুসাজি বলেছেন, ‘বাংলাদেশের আকাশসীমার কঠোর নিরাপত্তাবিষয়ক নিয়ম সম্পর্কে আমরা অবগত ছিলাম না। জানার সঙ্গে-সঙ্গে আমরা যন্ত্রটার ব্যবহার বন্ধ করে দিয়েছি।’

‘এ কারণে কোন ধরণের সমস্যা হলে তার জন্য আমরা বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তাবিষয়ক সংস্থার কাছে ক্ষমা চাইছি’ যোগ করেন তিনি।

দুটি টি-২০, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে মঙ্গলবার বিকালে ঢাকায় পা দিয়েছে দক্ষিণ আফ্রিকা। এদিন শুধু টি-২০ দল এসেছে। বাকিরা পর্যায়ক্রমে আসবেন। আগামী ৫ ও ৭ জুলাই মিরপুরে হবে দুটি টি-২০।

এআর