জো রুটের দুর্দান্ত সেঞ্চুরিতে শনিবার লর্ডসে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয় পেয়েছে ইংল্যান্ড। এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩২২ রান করে স্বাগতিকরা। জবাবে ২৩৬ রানেই অল আউট হয়ে যায় ভারত।
এ জয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ এর সমতায় ফিরল ইংল্যান্ড। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জোর রুট।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৬৯ রান তোলে ইংল্যান্ড। ব্যক্তিগত ৩৮ রানে জনি বেইরস্টো আউট হলে ৩ নম্বরে ব্যাট করতে নামেন রুট। রান আউট হওয়ার আগে ১১৬ বলে ১১৩ রান করেন তিনি। মেরেছেন ১টি ছক্কা ও ৮টি চার।
এছাড়া অধিনায়ক ইয়ন মর্গানের ৫৩ ও ডেভিড উইলির ৩১ বলে অপরাজিত ৫০ রানে বড় সংগ্রহ দাঁড় করে স্বাগতিকরা। ভারতের হয়ে ৬৮ রানে ৩ উইকেট নিয়েছে কুলদিপ যাদব।
জবাবে ব্যাট করতে নেমে এদিন ১৫ রানেই আউট হয়ে যান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রোহিত শর্মা। শিখর ধাওয়ানও এদিন ৩৬ রান করে আউট হন। অধিনায়ক বিরাট কোহলি (৪৫) ও সুরেশ রায়না (৪৬) কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন।
কিন্তু লিয়াম প্লাঙ্কেটদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে বেশি দূর এগুতে পারেনি সফরকারীদের ইনিংস। মহেন্দ্র সিং ধোনি ৩৭ ও হার্দিক পান্ডিয়া ২১ রান করলেও ৮৬ রানের হার মেনেই এদিন মাঠ ছাড়ে ভারত।
৪৬ রানের খরচায় ৪ উইকেট নেন প্লাঙ্কেট। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন উইলি ও আদিল রশিদ।





