গতরাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ ৩-০ গোলে জুভেন্টাসকে হারিয়েছে - এ খবর এখন পুরোনো হয়ে গেছে। কিন্তু ওই খেলায় রোনাল্ডো বাইসাইকেল কিকে যে অসাধারণ গোলটি করেছেন - তার স্মৃতি এত তাড়াতাড়ি পুরোনো হবার নয়।
খেলার ৬৪ মিনিটে ড্যানি কারভাইয়ালের হাওয়ায় ভাসানো ক্রস থেকে রোনাল্ডোর ওই অবিশ্বাস্য শটটি এমনভাবে গোলে ঢোকে যে জুভেন্টাসের গোলরক্ষক বুফন নড়ারও সুযোগ পাননি।
তার পর থেকেই সারা ফুটবল দুনিয়া জুড়ে টিভিতে-অনলাইনে আর পত্রিকায় শুরু হয়েছে উচ্ছাস আর প্রশংসা।"এটা হচ্ছে ফুটবলের সেরা গোলগুলোর অন্যতম, শুধু চ্যাম্পিয়নস লিগের নয়" - বলেছেন বিবিসির ফুটবল বিশ্লেষক প্যাট নেভিন।
আসলে রিয়াল মাদ্রিদের ম্যানেজার এবং বিশ্বকাপজয়ী সাবেক ফরাসী তারকা জিনেদিন জিদানের প্রতিক্রিয়াই বুঝিয়ে দিয়েছিল, রোনাল্ডোর গোলটা কত অসাধারণ ছিল।
জিদান নিজে খেলোয়াড় হিসেবে এই তুরিনের মাঠেই অনেক বিস্ময়কর গোল করেছেন। সেই তিনি রোনাল্ডোর গোল দেখে যেন বিশ্বাস করতে পারছিলেন না যে কি দেখলেন তিনি এইমাত্র।
তার হাত চলে গেল মাথায়, চোখ-মুখের অভিব্যক্তিতে ফুটে উঠলো একটা কথাই - 'অবিশ্বাস্য!' সূএ-বিবিসি





