কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে পেরু। ম্যাচের দ্বিতীয়ার্ধে বায়ার্ন মিউনিখ তারকা ক্লাদিও পিজারোর দেয়া গোলে ১০ জনের ভেনিজুয়েলার বিপক্ষে ১-০ গোলে জয়লাভ করেছে পেরু। ফলে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের কাছে পরাজিত দলটি ফের লড়াইয়ে ফিরে এসেছে।
ম্যাচের ৭২তম মিনিটে মিডফিল্ডার ক্রিস্টিয়ান কুয়েভার যোগান থেকে প্রতিপক্ষের গোলপোস্টে বল পেয়ে সেটিকে গোলে পরিণত করেন পিজারো।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে অঘটনের জন্ম দিয়ে কলম্বিয়াকে ১-০ গোলে পরাজিত করেছিল ভেনিজুয়েলা। বাংলাদেশ সময় শুক্রবার ভোরে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধেই লাল কার্ড দেখে ফার্নান্দো এ্যামোরেবিয়েতা মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ভেুনজুয়েলা। ফলে পেরুর সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করতে বেগ পেতে হয়েছে তাদের।
এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় পেরু ‘সি’ গ্রুপের অন্য দলগুলোর সহাবস্থানে পৌঁছে গেছে। এই গ্রুপের চারটি দলই এখন একটি করে ম্যাচে হার ও একটি করে ম্যাচে জয়ের স্বাদ নিয়ে তিন পয়েন্ট করে নিয়ে সহাবস্থানে রয়েছে। ফলে পরবর্তী ম্যাচগুলো দিয়ে দল চারটিকে ফের কোয়ার্টার ফাইনালে খেলার লক্ষ্য অর্জনের মিশনে নামতে হবে।
পেরু আগামী রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার মোকাবেলা করবে। অপরদিকে এই কলম্বিয়ার কাছে নিজেদের দ্বিতীয় ম্যাচে পরাজয় বরণ করা ব্রাজিল একই দিন প্রতিদ্বন্দ্বিতা করবে ভেনিজুয়েলার।
জেডআই





