চীনের জিংজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের নির্যাতন নিয়ে আর্সেনাল সুপারস্টার মেসুত ওজিলের বিতর্কিত টুইটের জেরে তোলপাড় সৃষ্টি হয়েছে। ওজিলের মন্তব্যের জেরে চীনে আর্সেনালের খেলা সম্প্রচারও বন্ধ করে দেয়া হয়েছে।
তুর্কি বংশোদ্ভূত জার্মানির সাবেক ফুটবলার ওজিল সম্প্রতি চীনে নির্যাতনের শিকার উইঘুর মুসলিমদের নিয়ে মুখ খুলেন। ১৩ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি চীনের উইঘুর মুসলিমদের ‘নির্যাতনের প্রতিরোধকারী যোদ্ধা’ বলে প্রশংসা করে চীনের কঠোর সমালোচনা করেন। পাশাপাশি, উইঘুরে নির্যাতিত মুসলমানদের রক্ষায় মুসলিম বিশ্ব কেন এগিয়ে আসছে না, সে জন্য হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন ওজিল।
টুইটবার্তায় বিশ্বকাপজয়ী সাবেক জার্মান তারকা লেখেন, পূর্ব তুর্কিস্তানে আগুন দিয়ে পবিত্র কোরআন পোড়ানো হচ্ছে, মসজিদে তালা দেয়া হচ্ছে, মাদ্রাসা বন্ধ করে দেয়া হচ্ছে, হত্যা করা হচ্ছে মুসলিমদের এবং যুবকদের বন্দি করে দাসত্বের সম্মুখীন করা হচ্ছে।
তবে ওজিলের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে চীন সরকার। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গুজবে কান দিয়েছেন মেসুত। সম্পূর্ণ ভুল খবর ও তথ্যে প্রভাবিত হয়ে এই ধরনের মন্তব্য করেছেন তিনি। তাকে জিনজিয়াং সফরের আমন্ত্রণ জানাচ্ছি আমরা।
জিনজিয়াং অঞ্চলে দীর্ঘদিন ধরে তুর্কি বংশোদ্ভূত উইঘুর মুসলিমদের আটক রেখে তাদের ওপর অমানবিক নির্যাতন চালাচ্ছে চীন সরকার। নিজ ধর্ম পালন থেকে বিরত রাখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে বিশ্বের শীর্ষস্থানীয় গণমাধ্যমকর্মীদের একটি সিন্ডিকেট গোপনে উইঘুর ঘুরে এসব অভিযোগের সত্যতা পেয়েছেন।
এমএম





