প্রিমিয়ার লিগে গত ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ড্র করেছিল ফুলহাম। এবার নিজেদের মাঠে লিভারপুলের বিপক্ষেও মূল লড়াইয়ে ড্র করে তারা। কিন্তু ইনজুরি টাইমে পেনাল্টি গোলে জয় পায় সফরকারীরা।
বুধবার রাতে ক্রাভেন কোটেজে খেলার ৮ মিনিটেই গোল করেন লিভারপুলের ডিফেন্ডার কোলো তোরে। কিন্তু তার আত্মঘাতী গোলে নিজেরাই পিছিয়ে পড়ে। তবে প্রথমার্ধ শেষ হওয়ার চার মিনিট আগে দলকে সমতায় ফেরান ড্যানিয়েল স্টারিজ।
১-১ সমতায় বিরতি থেকে ফিরে আসার পর ফের লিড নেয় ফুলহাম। ৬৩ মিনিটে দলের হয়ে এই গোলটি করেন কিরেন রিচার্ডসন। তবে তাদের গোল আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। খেলার ৭২ মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান কোউটিনহো। এই গোলটি করতে অবদান রাখেন আগের গোল করা স্টারিজ।
৯০ মিনিটে খেলায় আর কোনো গোল না হওয়ায় ম্যানইউর পর লিভারপুলের সঙ্গেও ড্র করার স্বপ্ন দেখে ফুলহাম। কিন্তু ৯১ মিনিটে তাদের ভুলের কারণে এগিয়ে যাওয়ার সুযোগ পায় সফরকারীরা। আর সেটাকে কাজে লাগাতে ভুল করেনি তারা।
স্টারিজকে অবৈধভাবে ফেলে দেয়ায় পেনাল্টি পেয়ে যায় লিভারপুল। সেখান থেকে গোল করতে ভুল হয়নি স্টিভেন জেরার্ডের। ফলে জয় নিয়েই মাঠ ছাড়তে পারে ব্রেন্ডন রজার্সের শিষ্যরা।
এই জয়ে ২৬ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে আছে লিভারপুল। সমান ম্যাচে ৫৭ ও ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষ দুইয়ে আছে চেলসি ও আর্সেনাল। তবে এক ম্যাচ কম খেলে ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি।