২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে অস্ট্রেলিয়ার নাম ঘোষণা করা হয়েছে। গণমাধ্যমের সাথে আলোচনার সময় আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, এবারই প্রথমবারের মত শুধুমাত্র অস্ট্রেলিয়ায় এককভাবে এই টি-২০ বিশ্বকাপের আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নিউজিল্যান্ডের সাথে যৌথভাবে অস্ট্রেলিয়া আসন্ন ২০১৫ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করছে। এর আগেও ১৯৯২ সালে এই দুই দেশ একসাথে বিশ্বকাপের আয়োজন করেছিল। কিন্তু এবারই প্রথমবারের মত এককভাবে বিশ্বকাপের মত গুরুত্বপূর্ণ আসরের স্বত্ব লাভ করার পরে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেছেন, এত বড় একটি আসর আয়োজন করা সত্যিই সৌভাগ্যের বিষয়। যদিও আসর আয়োজনের এখনো অনেক সময় বাকি আছে। আসন্ন বিশ্বকাপের পরেই আমরা পরবর্তী টুর্নামেন্ট নিয়ে কাজ শুরু করব।

এদিকে ২০২০ টি২০ বিশ্বকাপের যৌথ আয়োজক হিসেবে অনেকের মধ্যে নিউজিল্যান্ডের নাম নিয়ে বিতর্ক ছিল। কিন্তু রিচার্ডসনের সাথে একই সংবাদ সম্মেলনে উপস্থিত নিউজিল্যান্ড ক্রিকেটের এক মুখপাত্র জানিয়েছেন বিষয়টি ঠিক নয়। এখানে অস্ট্রেলিয়াই একমাত্র স্বাগতিক। নিউজিল্যান্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট অবশ্য টুর্নামেন্টের ব্যাপারে এখনো কোন কিছু জানেন না বলেই সূত্রমতে জানা গেছে।

২০১৫ বিশ্বকাপের আসর শেষ হবার পরে ভারতে ২০১৬ সালের টি২০ বিশ্বকাপ এবং ইংল্যান্ডে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি ও ২০১৯ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

জেডআই