তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলতে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশে পৌঁছেছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। রাত ৮টা ৪৫ মিনিটে ইতিহাদ এয়ারওয়েজের ইওয়াই ২৫৮ ফ্লাইটে ঢাকায় পা রেখেছে ৩৪ সদস্যের ইংল্যান্ড ক্রিকেট দলটি।

এই দলে ১৬ ক্রিকেটার ছাড়াও রয়েছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিরাপত্তা প্রতিনিধি, ইসিবিরি কর্মকর্তা ও কোচিং ষ্টাফ।

ইংল্যান্ড ক্রিকেট দল আগামী ৭ ও ৯ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডে ম্যাচ খেলবে। তৃতীয় ওয়ানডে ম্যাচটি হবে ১২ অক্টোবর, চট্টগ্রামে। এরপর ২০ থেকে ২৪ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট এবং ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।

প্রসঙ্গত, গত ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গী হামলার ঘটনার পর ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে জটিলতা তৈরি হয়। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে ১৭ আগস্ট ঢাকায় আসে ইংল্যান্ডের নিরাপত্তা পর্যবেক্ষণকারী প্রতিনিধি দল।

৩ সদস্যের দলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ২০ আগস্ট ঢাকা ত্যাগ করে। দেশে ফিরে নিরাপত্তা দলের প্রধান রেড ডিকাসন বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরেন। বাংলাদেশের সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস পেয়ে সফর করার ব্যাপারে সিদ্ধান্ত জানায় বিশ্বের অন্যতম শক্তিধর ক্রিকেট বোর্ড ইসিবি।


এমএনজে