বাংলাদেশকে হারিয়ে এখন আত্মবিশ্বাসের চরম পর্যায়ে অবস্থান করছে এশিয়া কাপের নবাগত ক্রিকেট পরাশক্তি আফগানিস্তান। প্রথম ম্যাচে পাকিস্তানকেও ভয় পাইয়ে দিয়েছিল তারা। এবার আগামীকাল সোমবার এশিয়া কাপের গ্রুপ পর্বে শ্রীলংকার মুখোমুখি হবে তারা। বেলা ২টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে পরাজিত হলেও দ্বিতীয় ম্যাচে এসেই জয়ের দেখা পাওয়া দলটির হয়ে ৯০ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন আসগর স্তানিকজাই। ঐতিহাসিক ওই ম্যাচ জয়ের পর দারুণ আত্মবিশ্বাস নিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের প্রতিপক্ষ যে দলগুলো রয়েছে তাদের মধ্যে অপেক্ষাকৃত খর্ব শক্তির দল ছিল বাংলাদেশ। এখানো টেস্ট প্লেইং দেশের বিপক্ষে আমাদের হাতে আরো দু’টি ম্যাচ আছে। সেখানেও আমরা জয় পেতে চাই। আমাদের লক্ষ্য থাকবে দু’টি ম্যাচেই জয় লাভ করা। নিদেন পক্ষে আরো একটি জয় পেতে চাই আমরা।’
সে লক্ষ্যে অনুশীলন করেছে তারা। অনুশীলন শেষে লংকানদের বিপক্ষে ভালো খেলার প্রত্যাশা ব্যক্ত করে ২২ বছর বয়সী আফগান অলরাউন্ডার হামজা হটাক বলেন, ‘শ্রীলংকা ভালো দল। ওদের (শ্রীলংকা) বিপক্ষে আমরা আমাদের সেরাটাই খেলার চেষ্টা করব।’
বাংলাদেশের বিপক্ষে জয়টাই তাদের টুর্নামেন্টে ভালো খেলতে অনুপ্রাণিত করবে বলেও জানান হামজা। তিনি বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে জয়ের পর আমরা অনেক উল্লাস করেছি। আমাদের অর্থমন্ত্রী ফোন করে আমাদের অভিনন্দন জানিয়েছেন। এই জয়টাই টুর্নামেন্টে আমাদের ভালো খেলতে সহায়তা করবে।’
ইতোমধ্যে সিরিজের প্রথম দু’টি ম্যাচে টুর্নামেন্টের টপ ফেভারিট ভারত ও পাকিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে শ্রীলংকা। টুর্নামেন্টের গ্রুপ পর্বে এখন তাদের পরবর্তী দুই প্রতিপক্ষ অপেক্ষাকৃত খর্ব শক্তির আফগানিস্তান ও স্বাগতিক বাংলাদেশ।
নবাগত আফগানিানের বিপক্ষে প্রথমবারের মত ওডিআই ম্যাচ খেলতে নামছে লংকানরা। তার ওপর আবার ফাইনাল নিশ্চিত। তাই কিছুটা হাল্কা মেঝাজেই থাকার কথা চারবারের চ্যাম্পিয়নদের। কিন্তু সেই পথ মাড়ায়নি লংকানরা। আফগানিস্তানের বিপক্ষের ম্যাচকে সামনে রেখে আজ তারা যথারিতি অনুশীলন করেছে। এসময় তারা কোন ভাবেই ম্যাচটিকে হাল্কা ভাবে নিচ্ছেননা বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে।
শ্রীলংকান ক্রিকেটার লাহিরু থিরিমান্নে সাংবাদিকদের বলেন, আফগানদের তারা মোটেও খাটো করে দেখছেন না। ২৪ বছর বয়সী বাঁহাতি এই অলরাউন্ডার বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে ভালো খেলেছে আফগানিস্তান। দল হিসেবে তারা ভালো। আমরা তাদেরকে হাল্কাভাবে নিচ্ছি না।’ পাকিস্তান ও ভারতের বিপক্ষে ম্যাচ জিতে দলের ফাইনাল নিশ্চিত হলেও থিরিমান্নের মতে, আফগানদের বিপক্ষেও পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবেন তারা। তিনি বলেন, ‘দলে পরিবর্তন আসার সম্ভাবনা কম। ওদের (আফগানিস্তান) বিপক্ষে আমরা পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামব।’