২০১৫ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বৃষ্টি-বাগড়া ম্যাচে নিউজিল্যান্ডকে ২৯৮ রানের লক্ষ্য বেধে দিয়েছে দক্ষিণ আফ্রিকা।

মঙ্গলবার অকল্যান্ডের ইডেন পার্কে বৃষ্টির কারণে ৫০ ওভারে খেলা নির্ধারিত হয় ৪৩ ওভারে। নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ২৮১ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। তবে বৃষ্টি আইনে কিউইদের লক্ষ্য দাঁড়ায় ২৯৮ রানে।

এদিন টস জিতে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারে দলীয় ২১ রানে টেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেছেন হাশিম আমলা (১০)।

অষ্টম ওভারে ফের সেই বোল্টের শিকারে পরিণত হন ডি কক (১৪)। টিম সাউদির হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান তিনি।

শুরুতে চাপে পড়ে যাওয়া ধীরে ধীরে রানের চাকা ঘুরানোর চেষ্টা করেন ডু প্লেসিস ও রুশো। ২৭তম ওভারে প্রথম বলে কোরি অ্যান্ডারসনের শিকারে পরিণত হন রুশো। ফলে ভেঙে যায় তাদের ৮৩ রানের জুটি। গাপটিলের হাতে ক্যাচ আউট হওয়ার আগে ৩৯ রান করেন তিনি।

ডু প্লেসিস এর সঙ্গে ক্রিজে এসে দুর্দান্ত ব্যাটিং করেন ডি ভিলিয়ার্স। দ্রুত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। কিন্তু ৩৮ ওভারে যখন তাদের দলীয় সংগ্রহ ২১৬ রান, তখন বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়।

বৃষ্টির পর ভেজা মাঠে খেলতে এসে কোরি অ্যান্ডারসনের বলে লুক রঞ্চির হাতে ক্যাচ আউট হন ডু প্লেসিস। মাঠ থেকে বিদায় নেয়ার আগে ১০৭ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ৮২ রান করেন তিনি।

তবে মাঠে নেমেই তুফান তোলা ব্যাটিং করেন ডেভিড মিলার। ১৮ বলে ৪৯ রান করে অ্যান্ডারসনের শিকারে পরিণত হন তিনি। এবারও ক্যাচ ধরেন রঞ্চি।

৪৫ বলে বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন ডি ভিলিয়ার্স। তার সঙ্গে ৪ বলে ৮ রান নিয়ে খেলা শেষ করেন ডুমিনি।

নিউজিল্যান্ডের অ্যান্ডারসন তিনটি ও বোল্ট দুটি উইকেট নেন।

জেডআই