সংযুক্ত আরব আমিরাতে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)’র ১৪তম আসরের দ্বিতীয় অংশের খেলা আফগানিস্তানে সম্প্রচারের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান।
এর কারণ হিসেবে জানা গেছে, খেলা চলার সময়ে সম্প্রচারিত হতে পারে ইসলাম বিরোধী বিষয়বস্তু।
আফগানিস্তানের তিন ক্রিকেটার মোহাম্মদ নবী, রশিদ খান ও মুজিব উর রহমান খেলছেন এবারের আইপিএলে। কিন্তু আফগান দর্শকরা তাদের খেলা দেখতে পারবেন না, দর্শকদের জন্য তাই বিষয়টা কষ্টদায়কই বটে।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন মিডিয়া ম্যানেজার এবং সাংবাদিক এম ইব্রাহিম মোমন্দ একটি টুইটে বলেছেন যে, “সম্ভাব্য ইসলাম বিরোধী বিষয়বস্তু, মেয়েদের নাচ এবং ইসলামে নিষিদ্ধ চুল খুলে, খোলামেলা পোশাকে মহিলাদের উপস্থিতির কারণে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে।”
নারীদের খেলাধুলা করার অনুমতি দেওয়া হবে কি-না? এ প্রশ্নের উত্তর দিতে রাজি হননি আফগানিস্তানের নতুন ক্রীড়া পরিচালক বশির আহমেদ রুস্তামজাই। তিনি জানান বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন শীর্ষ তালেবান নেতারা।
তালেবান শাসনে আফগানিস্তানকে পরিচালিত করা হচ্ছে শরীয়া আইন-কানুন। ফলে একের পর এক বিধিনিষেধ আরোপ করা হচ্ছে দেশটিতে। কিন্তু ছেলেদের ক্রিকেট খেলা নিয়ে কোনো সমস্যা নেই দেশটির কর্তাব্যক্তিদের। তারপরেও শঙ্কা আছে টেস্ট ক্রিকেটে আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে। আইসিসির নিয়ম অনুযায়ী প্রতিটা দেশেরই একটি সক্রিয় নারী দল থাকা বাধ্যতামূলক।
আগামী ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিবে আফগানিস্তান পুরুষ জাতীয় দল।
এমবি





