উরুগুয়ের তারকা লুইজ সুয়ারেজের চার মাস ফুটবলে নিষিদ্ধ থাকার শাস্তি কমায়নি আন্তর্জাতিক ক্রীড়া আদালত। তবে তাকে অনুশীলন করতে অনুমতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার ক্রীড়া আদালত এই রায় ঘোষণা করেন।
ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে ইতালির ডিফেন্ডার গিওর্গিও চেইলিয়ানিকে কামড় দেয়ায় সুয়ারেজকে চার মাসের জন্য ফুটবল সম্পর্কিত সব ধরনের কর্মকান্ড থেকে নিষিদ্ধ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-ফিফা। আন্তর্জাতিক নয়টি ম্যাচ থেকেও তাকে নিষিদ্ধ করা হয়েছিল।
বিশ্বকাপের পর স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দেন সুয়ারেজ। নতুন ক্লাবের হয়ে মৌসুমের শুরু থেকে মাঠে নামতে চার মাসের শাস্তির বিপক্ষে আপিল করেন তিনি। কিন্তু নিষিদ্ধ থাকার শাস্তি কমানো হয়নি। তবে খেলার উন্নতির জন্য অনুশীলন করতে তাকে অনুমতি দেয়া হয়েছে।
রায় ঘোষণার পর সুয়ারেজের আইনজীবী বলেছেন, "এ রায়ের ফলে সুয়ারেজ আগামী সেপ্টেম্বরে ও অক্টোবরে উরুগুয়ের হয়ে প্রীতি ম্যাচ খেলতে পারবেন। একই সঙ্গে বার্সেলোনার হয়ে লিওনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে পারবেন।"
তবে এ ম্যাচগুলোতে তিনি আসলেই অংশগ্রহণ করতে পারবেন কিনা তা ফিফার কাছ থেকে এখনও নিশ্চিত করা যায়নি।
শাস্তির মেয়াদ শেষ হলে আগামী ২৭ অক্টোবর রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার হয়ে মাঠে নামতে পারবেন সুয়ারেজ।
ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই





