ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছে আইসিসি'র আর্থিক ও প্রশাসনিক নিয়ন্ত্রণ তুলে দেয়ার প্রস্তাবটি পাস করতে তাদেরকে সমর্থন দিতে পারে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। এক্ষেত্রে সিএসএ'র প্রধান নির্বাহী হারুন লরগাতকে আইসিসির প্রধান হিসেবে পুনরায় নিয়োগ দেয়ার শর্ত জুড়ে দিয়েছে শুরু থেকে খসড়া প্রস্তাবের তীব্র বিরোধিতা করা দেশটি।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর সঙ্গে এ বিষয় আলোচনায় বসতে আগ্রহী সিএসএ। তাদের আলোচনা সভা ইতিবাচকভাবে শেষ হলে, খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দেয়া ছাড়া হারুন লরগাত আইসিসি সভায় উপস্থিত হয়ে ভারতের সঙ্গে তাদের বিষয়গুলো নিয়ে আলোচনাও করবেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে, গত কয়েক বছর ধরে ভারত ও দক্ষিণ আফ্রিকা একে অন্যের বিরোধিতা করে আসছিল।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন যে বিসিসিআই তাদেরকে প্রস্তাব দিয়েছে। কিন্তু বিসিসিআই'র এক কর্মকর্তা জানিয়েছেন, আমরা কাউকে কোনো প্রস্তাব পাঠাইনি। এই সপ্তাহেই দুবাইয়ে আইসিসির বিশেষে এক সভায় প্রস্তাবটি ভোটাভুটির জন্য উত্থাপন করার কথা রয়েছে।
অন্যদিকে বিসিসিআইয়ের আরেক কর্মকর্তা জানিয়েছেন, সিএসএ ও হারুন লরগাতই বিসিসিআই'র সঙ্গে আলোচনা করতে ইচ্ছুক এবং তারা এ বিষয় প্রস্তাবও পাঠিয়েছেন।
আইসিসির এই খসড়া প্রস্তাব ফাঁস হওয়ার পর থেকেই এর তীব্র বিরোধিতা করে আসছে দক্ষিণ আফ্রিকা। গত ২৮ জানুয়ারি বোর্ড সভায়, আইসিসি প্রেসিডেন্ট অ্যালান আইজ্যাককে প্রস্তাবটি প্রত্যাহার করার জন্য আবেদনও করেছিল তারা।