২০১৫ ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই হ্যাটট্রিক দেখল ক্রিকেট বিশ্ব। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিতে হ্যাটট্রিক করেছেন ইংল্যান্ডের বোলার স্টিভেন ফিন।

শনিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ফিঞ্চের সেঞ্চুরি আর গ্লেন ম্যাক্সওয়েল ও ব্রাড হ্যাডিনের শেষ দিকে দুর্দান্ত ব্যাটিংয়ে ৪৯.৩ ওভারে ৩৪২ রান সংগ্রহ করে স্বাগতিকরা।

কিন্তু শেষ তিন বলে একটি রানও নিতে পারেনি অসি ব্যাটসম্যানরা। শেষ ওভারের চতুর্থ বলে ফিনের বলে স্টুয়ার্ট ব্রোডের হাতে ক্যাচ তুলে দেন ১৪ বলে ৩১ রান করা ব্র্যাড হ্যাডিন।

পঞ্চম বলে ছক্কা হাঁকাতে গিয়ে জো রুটের তালুবন্দী হন ৪০ বলে ৬৬ রান করা ম্যাক্সওয়েল।

শেষ বলে ফের ছক্কা হাঁকাতে গিয়ে শূন্য হাতে মাঠ থেকে বিদায় নেন মাইকেল জনসন। এবার ক্যাচ ধরেন জেমস অ্যান্ডারসন। এতে হ্যাটট্রিক পূর্ণ হয় বোলার ফিনের।

ফলে শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৩৪২।

জেডআই