আজ ২৩ জুন, আন্তর্জাতিক অলিম্পিক দিবস। ১৮৯৪ সালের এদিন প্রথমবারের মতো শুরু হয় অলিম্পিক গেমস। ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত এই ক্রীড়া উৎসব সময়ের হাত ধরে বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ ক্রীড়া উৎসবে পরিণত হয়েছে। বিশেষ এই স্মৃতিকে ধারণ করতে ১৯৪৮ সালে ২৩ জুনকে আন্তর্জাতিক অলিম্পিক দিবস হিসেবে নির্ধারণ করা হয়।
প্রথমবারের মতো আন্তর্জাতিকমানের আধুনিক অলিম্পিক গেমস শুরু হয় ১৮৯৬ সালে। গ্রিসের এথেন্সে অনুষ্ঠিত হওয়া সেই ক্রীড়া উৎসব বিশ্বের সামনে মিলনমেলার এক নতুন দরজা খুলে দেয়। এর ভিত্তি নির্মাণ হয় আরো দুই বছর আগে। অর্থাৎ ১৮৯৪ সালের ২৩ জুন।
ফ্রান্সের প্যারিসে ওই বছর অনুষ্ঠিত আন্তর্জাতিক অ্যাথলেটিক কংগ্রেসে প্রতিষ্ঠিত হয় একটি বিশেষ ক্রীড়া কমিটি। এই কমিটির প্রাথমিক নাম ছিল ‘আন্তর্জাতিক অলিম্পিক গেমস কমিটি’। সরবোন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়া এই সন্মেলনের উদ্যোক্তা ছিলেন ব্যারন পিয়েরে ডি কুবার্তিন।
কংগ্রেসে সিদ্ধান্ত হয়, হাজারো বছরের পুরনো ঐতিহ্য অলিম্পিক গেমসকে আবার পুনরুজ্জীবীত করতে হবে। বিশ্বজনীন এক ক্রীড়া উৎসবের মাধ্যমে মানবতার জন্য বিরূপ এরকম অসংখ্য সংকটকে দূরে সরিয়ে রাখা সম্ভব হবে। এই ধারাবাহিকতায় ১৮৯৬ সালের ঠিক সেখানেই অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় যেখানে হাজার বছর আগে প্রাচীন রোমানরা এই বিশেষ ক্রীড়া উৎসব সচল রেখেছিল।
১৯৪৮ সালে সুইজারল্যান্ডের সেন্ট মরিটসে অনুষ্ঠিত হয় ৪২তম অলিম্পিক সেশন। সেখানে একটি বিশেষ প্রস্তাব রাখা হয় যা একবাক্যে সবাই লুফে নেন। যদিও প্রস্তাবটি অংশগ্রহণকারীদের মধ্যে বহু আগে থেকেই চর্চিত কিন্তু বিষয়টির আনুষ্ঠানিকতা তখন পর্যন্ত যাপন করা হয়ে ওঠেনি নানা কারণে। সেবছর আইওসি অর্থাৎ ইন্টারন্যাশনাল অরিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিস্ময়কর শোনালেও, প্রতিষ্ঠার ৫৪ বছর পর আনুষ্ঠানিকভাবে এটি যাপন শুরু করা সম্ভব হয়। সেবার অস্ট্রিয়া, উরুগুয়ে, কানাডা, গ্রেট বিট্রেন, গ্রিস, পর্তুগাল, বেলজিয়াম, ভেনিজুয়েলা ও সুইজারল্যান্ডে-এর জাতীয় অলিম্পিক কমিটি প্রথমবারের মতো এই বিশেষ দিবস আনুষ্ঠানিকভাবে পালনের পর্ব শুরু করে।
১৯৭৮ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত আইওসি আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালনের ব্যাপারে নানা রকম বিষয় অন্তর্ভূক্ত করে। এর ভেতরে সবচেয়ে বেশি চর্চিত ইভেন্টটির নাম ‘অলিম্পিক ডে রান’। বিশেষ এই শোভাযাত্রা এখন সারাবিশ্বে পালন করা হয়। এবছর বাংলাদেশে দুদিনব্যাপী আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালন করা হচ্ছে। ২২ জুন দেশের গুরুত্বপূর্ণ জেলাগুলিতে জাকজমকপূর্ণভাবে অলিম্পিক ডে রান অনুষ্ঠিত হয়েছে।
জেডআই





