লেগানেসের কাছে হেরে কোপা দেল রে থেকে রিয়াল মাদ্রিদের বিদায়টা হয়তো বার্সার জন্যই কিছুটা কাপুনি তুলেছিল। তার ওপর প্রথম লেগে এস্পানিয়লের কাছে হারটা ভয়ের মাত্রা বাড়িয়ে দিয়েছিল। কিন্তু ন্যু ক্যাম্পে তেমন কোনো দুর্ঘটনার মুখোমুখি হতে হয়নি আর্নেস্তো ভালভার্দের শিষ্যদের।
বৃহস্পতিবার রাতে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের গোলে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে এস্পানিয়লকে ২-০ গোলে হারিয়েছে বার্সা। তাই প্রথম লেগে ১-০ গোলে হেরেও দুই লেগ মিলে ২-১ গোলে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত হয় কাতালানদের।
বার্সা প্রথম ২৫ মিনিটের মধ্যে দুটি গোল করেন। নবম মিনিটে ডান দিক থেকে আলেইশ ভিদালের দারুণ ক্রস ছয় গজ বক্সে পেয়ে হেডে প্রথম গোলটি করেন সুয়ারেজ। ১৬ মিনিট পর ডিফেন্ডারদের ভুলের সুযোগে ডি-বক্সের বাইরে বল ধরে কিছুটা আড়াআড়ি গিয়ে বাঁ-পায়ের জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।
দ্বিতীয়ার্ধেও একাধিক গোলের সুযোগ পায় বার্সা। ৬৮ মিনিটে বদলি হিসেবে নামা ফিলিপ কুটিনহো এক মিনিটের মধ্যে ফ্রিকিক আদায় করে নেন। ৭৯তম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে মেসির নিচু শট একটুর জন্যে লক্ষ্যভ্রষ্ট হয়। আর শেষ দিকে আর্জেন্টাইন ফরোয়ার্ডের আরেকটি প্রচেষ্টা পোস্টে লাগলে ব্যবধান আর বাড়েনি।
জেড





