ফের একই ম্যাচে গোল করলেন বার্সেলোনার তিন তারকা লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজ। তাদের গোলে রোববার লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
এর আগে কোপা ডেল রে'র ম্যাচে এলচের বিপক্ষেও মেসি, নেইমার ও সুয়ারেজ গোল করেছিলেন। সেই ম্যাচেও ৫-০ গোলে জয় পেয়েছিল তারা।
রোববারের ম্যাচে জয় পাওয়ার ফলে শীর্ষ থাকা রিয়াল মাদ্রিদ থেকে মাত্র ১ পয়েন্ট দূরে আছে বার্সা। ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে দলটি। এদিকে সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
এদিন ন্যূ ক্যাম্পে ম্যাচের ১২ মিনিটে গোলের সূচনা করেন নেইমার। ৩৫ মিনিটে দলের লিডকে ডাবলে নিয়ে যান সুয়ারেজ। আর খেলা শেষ হওয়ার আগে ৮৭ মিনিটে দলের শেষ গোলটি করেন মেসি।
তবে সফরকারী অ্যাটলেটিকো মাদ্রিদও একটি গোল শোধ করতে সক্ষম হয়। খেলার ৫৭ মিনিটে এই গোলটি করেন মান্ডজুকিচ।
জেডআই





