ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্রী উম্মে সিফাত তুলি চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন।
প্রতিযোগিতায় যুগ্মভাবে রানার্স-আপ হয়েছেন দর্শন বিভাগের মাস্টার্সের ছাত্রী নাজনীন নাহার এবং সমাজবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রী ফারহানা পারভীন।
সোমবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ ।
এর আগে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। এ সময় বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মুবিনা খোন্দকার সহ আবাসিক শিক্ষক ও শারীরিক শিক্ষা কেন্দ্রের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জেডআই





