টি-২০ ক্রিকেটে আফগানদের উত্থান চলছেই। টানা ভালো খেলার ফল হিসেবে বাংলাদেশের পর এবার শ্রীলঙ্কাকেও পেছনে ফেললো তারা।

বুধবার আইসিসির হালনাগাদকৃত বার্ষিক টি-২০ র‍্যাংকিংয়ে দেখা গেছে শ্রীলঙ্কাকে নবম স্থানে ঠেলে দিয়ে আটে উঠে গেছে যুদ্ধ বিধ্বস্ত আফগানরা।

মূলত র‍্যাংকিংয়ে উন্নতির জন্য নিজেদের থেকে লঙ্কানদেরই বেশি কৃতিত্ব দিতে পারে আফগানিস্তান। কারণ, ১ পয়েন্ট কমে আফগানদের রেটিং দাঁড়িয়েছে ৮৭। অপরদিকে ৪ পয়েন্ট কমে ৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে শ্রীলঙ্কার রেটিং। আর তাতেই নিচে নেমে গেছে তারা।

এদিকে শ্রীলঙ্কার চেয়ে ১০ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে ৭৫ রেটিং নিয়ে বাংলাদেশের অবস্থান দশম, কমেছে ২ পয়েন্ট।

এছাড়া র‍্যাংকিংয়ের শীর্ষ সাত দলের অবস্থান অপরিবর্তিত রয়েছে। ১৩০ রেটিং পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে আছে পাকিস্তান। দুই নম্বরে থাকা অস্ট্রেলিয়ার রেটিং ১২৬। দুই দলেরই রেটিং পয়েন্টে কোন পরিবর্তন আসেনি।

তবে তিনে থাকা ভারতের রেটিং পয়েন্ট ২ বেড়ে হয়েছে ১২৩। ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে থাকা নিউজিল্যান্ডের রেটিংও রয়েছে অপরিবর্তিত।

এসএম