ভারত সফরের প্রাক্কালে গেল অক্টোবরে অনেক ঝড় বয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটে। ধর্মঘটের ডাক দিয়েছিলেন ক্রিকেটাররা। সেই সমস্যার সমাধান হতেই হাজির হয় সাকিব আল হাসানের ইস্যু। এসব অলোচনা-সমালোচনাকে পিছে ফেলে আজ ২২ গজে জয়ের জন্যই লড়বে টাইগাররা বলেছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

রোহিত শর্মার নেতৃত্বাধীন শক্তিশালী ভারতের বিরুদ্ধে বাংলাদেশের টি-২০ সিরিজের মিশন শুরু হচ্ছে আজ। দিল্লির বায়ু দূষণকে এড়িয়ে মাঠের ক্রিকেটে মনোযোগী এখন টাইগাররা। অরুন জেটলি স্টেডিয়ামে আজ সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

২০০৭ বিশ্বকাপের পর থেকে ভারতীয় ভক্তরা সমীহ করে বাংলাদেশকে। আর ২০১৫ বিশ্বকাপের পর থেকে ভারতের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে বাংলাদেশী দর্শকরা। যার ফলে দুই দলের মুখোমুখি লড়াইয়ে দর্শকদের উন্মাদনা থাকেই।

বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ বলছেন, এই ম্যাচে বাংলাদেশের হারানোর কিছু নেই। সবকিছু পেছনে ফেলে আজ ২২ গজে জয়ের জন্যই লড়বে টাইগাররা।

যদিও অতীত পরিসংখ্যান বাংলাদেশের জন্য সুখকর নয়। টি-২০ তে দুই দলের ৮ বারের সাক্ষাতে জয় নেই বাংলাদেশের। কয়েকবার বাগে পেয়েও জয় নিশ্চিত করতে পারেনি টাইগাররা। সাকিব-তামিমের মতো নির্ভরযোগ্য ক্রিকেটার ছাড়াই ভারত সফরের কঠিন চ্যালেঞ্জ পাড়ি দিতে হচ্ছে বাংলাদেশকে।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেছেন, ‘ভারত অনেক শক্তিশালী দল। এখানে আমাদের হারানোর কিছু নেই। বরং এখানে অনেক কিছু পাওয়ার আছে। সবকিছু ভুলে আমরা ম্যাচ জয়ের জন্য খেলব, এটাই জানি।’

এম বিল্লাহ